দিন দশেক পরেই মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসর বসবে বাংলাদেশে। তাই দেশের ফুটবলপ্রেমীদের স্বপ্নটাও এবার আকাশ ছোঁয়া। প্রায় দুই দশক পরে সাফের শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশ।
টুর্নামেন্টের জন্য আজ শনিবার (২৪ অক্টোবর) ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে বাংলাদেশের সর্বশেষ খেলা ফিফা আসিয়ান কাপ থেকে বাদ পড়েছেন কয়েকজন, নতুন ডাক পেয়েছেন দুজন আবার স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ কয়েকজন ফুটবলার। সবমিলিয়ে কেমন হলো বাংলাদেশের স্কোয়াড?
বাংলাদেশ ফুটবল দলের গত কয়েক বছরের সবচেয়ে বড় অভাব--একজন স্ট্রাইকারের। সর্বশেষ ফিফা আসিয়ান কাপে যেটি আরও ভালোভাবে সামনে এসেছে। সেই অভাব পূরণ করতে এবার দুজন প্রবাসী ফুটবলারকে স্কোয়াডে রেখেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান আর মোহাম্মদ মাহি খান। সেই টুর্নামেন্টে দুজনই আলো কেড়েছিলেন। সেটির পুরস্কার হিসেবে এবার মূল দলের সাফের স্কোয়াডে জায়গা পেলেন তারা। ফলে স্ট্রাইকার নিয়ে বাংলাদেশের যে সমস্যা হয়ত কিছুটা হলেও কমবে।
ফিফা আসিয়ান কাপের ম্যাচগুলোতে ছিলেন না অভিজ্ঞ দুই ডিফেন্ডার তুপ বর্মণ আর বিশ্বনাথ ঘোষ। তাদের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পাওয়া গিয়েছিল আসিয়ান কাপের ম্যাচগুলোতে। ডিফেন্সের সেই সমস্যা এবার কেটে যাবে। স্কোয়াডে ফিরেছেন এই দুজনই। ফলে ডিফেন্সও এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে।
আর মাঝমাঠ তো বরাবরই শক্তিশালী বাংলাদেশের। হামজা চৌধুরীর সঙ্গে শমিত সোম, জামাল ভূঁইয়া তো আছেনই, এবার ফিরেছেন কাজেম শাহ শাহ কিরমানিও। ফলে এবার অনেক শক্তিশালী দল নিয়েই সাফের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
অন্যদিকে, সর্বশেষ ফিফা আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। এর মধ্যে আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম গোল করেছিলেন শাহরিয়ার ইমন।
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।
মিডফিল্ডার : সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম, সৈয়দ কাজেম শাহ কিরমানে, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড : ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ফুটবল দল
১৯ অক্টোবর ২০২৬
১৫ অক্টোবর ২০২৬
০৪ অক্টোবর ২০২৬
