দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ শিশু।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার ডেটা নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর প্রাণহানি হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১১০ শিশু মারা গেছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০৪ শিশু। অর্থাৎ সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৪ জন শিশুর মৃত্যু হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১১০ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এই সময়ে ১ হাজার ২৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২৭৩। এ পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
