বিএসআরএমের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা। গত হিসাববছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২০ টাকা ৫৭ পয়সা। অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৬ টাকা ০৬ পয়সায়। আগের বছরের একই সময়ে তা ছিল ১৬৬ টাকা ৭৯ পয়সা।
আলোচিত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৪৯ পয়সা। আগের হিসাববছরে পুনর্মূল্যায়িত হিসাবে এর পরিমাণ ছিল ৫২ টাকা ১৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।


