সংবাদ · সাধারণ
সালমানের গ্যালাক্সিতে পুলিশি পাহারায় কড়াকড়ি
১৯/১০/২০২৬

বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে জোরদার করেছে মুম্বাই পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বান্দ্রায় তার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশেপাশের এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং চলাচলকারী গাড়িগুলোতে চালানো হচ্ছে জোর তল্লাশি।গত রোববার মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠের বাইরে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে আচমকা এই আততায়ী হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাত্র সাত সেকেন্ডের মধ্যে হামলাকারীরা অন্তত পাঁচ রাউন্ড গুলি ছুড়ে স্থান ত্যাগ করে।এ ঘটনায় দ্রুত তদন্তে নেমে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন বাহিনী ও স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহারাষ্ট্রের এবং অন্য দুজন হরিয়ানার বাসিন্দা। পুলিশ মনে করছে, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং ঘটনার আগে টাইগারের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছিল।এদিকে, এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভয়েস বার্তা ও ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে।দাবি করা হচ্ছে, সেখানে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর পক্ষ থেকে টাইগার শ্রফকে সরাসরি হুমকি দেয়া হয়েছে, যাতে সালমান খানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গটি তুলে ধরা হয়। অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে হামলার দায় স্বীকার করে অনিল পণ্ডিত ও হরমন সন্ধু নামের দুজনের নাম উল্লেখ করা হয়েছে।ওই পোস্টে আরও বলা হয়, টাইগারকে নাকি আগেও সতর্ক করা হয়েছিল। তবে পোস্টটির সত্যতা বা বিষ্ণোই গ্যাংয়ের প্রকৃত যোগসূত্র এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং তা খতিয়ে দেখছে পুলিশ।প্রসঙ্গত, সালমান খানের সুরক্ষা নিয়ে নতুন করে তীব্র উদ্বিগ্নের পেছনে রয়েছে ২০২৪ সালের ১৪ এপ্রিলের সেই চেনা আতঙ্ক। সেদিন ভোরেও মুম্বাইয়ের বান্দ্রায় তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী ঠিক একইভাবে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই সালমান খানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছিল। টাইগার শ্রফের ওপর সাম্প্রতিক হামলা ও ভাইরাল হুমকির সত্যতা প্রমাণের মাধ্যমে পুলিশ মূল চক্রান্তকারীদের চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗