The Sangbad · সাধারণ
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭
১৪/১০/২০২৬

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক গতিতে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৭ জন হামে আক্রান্ত ও সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ পাঁচজন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৭৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হলো।প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত আক্রান্ত ১২৮ জন এবং সন্দেহভাজন ১ হাজার ১৯৯ জন মিলে মোট ১ হাজার ৩২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।এদিকে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৮৫ হাজার ৩ ৯০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের হাম পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন করে আশঙ্কাজনক হারে রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হামের উপসর্গ নিয়ে একের পর এক শিশুমৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের যথাসময়ে টিকাদানের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মূল প্রতিবেদনে যান ↗