বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘ অপেক্ষা ও নানা নাটকীয়তার পর গত ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। যদিও প্রেম-বিয়ের গল্প কখনো প্রকাশ করেননি তারা।
করন জোহর সঞ্চালিত আলোচিত ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেম-বিয়ে নিয়ে কথা বলেছেন বিজয়-রাশমিকা। অনুষ্ঠানটির প্রমো প্রকাশ্যে আসার পর, তা নিয়ে চলছে চর্চা।
প্রকাশিত প্রমোর শুরুতেই সঞ্চালক করন জোহর এই জুটিকে ‘ব্লকবাস্টার কাপল’ বলে পরিচয় করিয়ে দেন। এরপর বিজয়ের কাছে জানতে চান, রাশমিকার মতো সুন্দরী তার জীবনে আসার পর তাকে কী বিয়ের প্রস্তাব দিয়েছিলেন?
এ প্রশ্নের উত্তর বিজয় নন, দেন রাশমিকা মান্দানা। তিনি বলেন, “আমিই প্রথম বিয়ের প্রসঙ্গ তুলেছিলাম। বিজয়কে বলেছিলাম, ‘চলো, বিয়ে করে ফেলি।’ বিজয় তখন আমাকে বলেছিল, ‘ঠিক আছে, তুমি আমাকে এক শ বার জিজ্ঞাসা করো।”
রাশমিকার এসব কথা শুনে অবাক হয়ে করন জোহর জানতে চান, ‘তুমি ওকে এক শ বার জিজ্ঞাসা করেছিলে?’ জবাবে রাশমিকা বলেন, “আমি টানা এক বছর বিজয়কে বিয়ের কথা বলেছি।”
এরপর করন জোহর বিজয়ের কাছে তার গল্প জানতে চান। জবাবে বিজয় বলেন, “আমি এতটা বদমাইশ নই।” তার এই মন্তব্য দম্পতির বিয়ের কথাবার্তায় নতুন মাত্রা যোগ করে। এরপর প্রমোতে অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে তাদের পর্দার রসায়ন নিয়েও মজার কথোপকথন হয়। রাশমিকাকে যখন তার ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’ সিনেমার সহ-অভিনেতাদের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তখন আল্লু অর্জুনের নাম বলেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
এরপর করন জোহর প্রশ্ন রাখেন বিজয়ের কাছে। তার সঙ্গে কোন অভিনয়শিল্পীর পর্দার রসায়ন সবচেয়ে ভালো বলে তার মনে হয়? বিজয় এ প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, “কেউ না!”
এরপরই বিবাহিত জীবন নিয়ে মজার ছলে বিজয় বলেন, “বিয়ের ১০১ নম্বর নিয়ম—স্ত্রীর কথায় সম্মতি দাও।” বিজয়ের এই মন্তব্য শুনে লজ্জায় রাঙা হয়ে ওঠেন রাশমিকা।
রাশমিকা-বিজয় আলাদা আলাদাভাবে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। আবার জুটি বেঁধে একই সিনেমায়ও কাজ করেছেন তারা। ২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।
‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি ছিল তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি কখনো ছিল না।
এটিভি/ এইচকে
