গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০)। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের তৃতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।
তার অকালমৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকায় সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রফিক মোল্লা (৪৫) নামের আরও একজন নিহত হন। আহত হন পুলিশের আরেক উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) এবং গাড়িচালক রাব্বি (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আহিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে পুলিশের একটি দল থানায় ফিরছিল। পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহনকারী যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চারজন আহত হন।
পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।
এদিকে, বিভাগের সাবেক শিক্ষার্থী এসআই মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাভাবিপ্রবির বিএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান শিকদার।
শোক প্রকাশ করে তিনি বলেন, “ঘটনাটি জানার পর আমি খুবই মর্মাহত। তার এ অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
মিজানুর রহমানের অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরাও।
