বাগেরহাট সদর উপজেলায় জমি দখলের বিরোধকে কেন্দ্র করে এশারাত মোল্লা (৭০) নামের এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী গ্রামে ওই কৃষকের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহত এশারাত মোল্লা পাতিলাখালী গ্রামের মৃত রুপোই মোল্লার ছেলে। পেশায় তিনি একজন কৃষক। বর্তমানে তিনি বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ এশারাত মোল্লা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে পাতিলাখালী গ্রামের পিন্টুর নেতৃত্বে মিন্টু মোল্লা (৪০), তার ছেলে হাদিছ মোল্লাসহ (১৯) ৭ থেকে ৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।
মূলত জোরপূর্বক তার বাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পরই স্বজনরা বৃদ্ধ এশারাত মোল্লাকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি, তবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
