কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হলেও দুর্ঘটনাকবলিত রেললাইন মেরামতের কাজ চলমান রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টার মধ্যে সংস্কারকাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। বৃহস্পতিবার ভোরে বগি উদ্ধারের কাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ না হওয়ায় আপ লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়নি।
স্থানীয়দের অভিযোগ, রেললাইন মেরামতের জন্য খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটে। নাওটি স্টেশনের উত্তর পাশে লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে জানান তারা। তাদের দাবি, রেললাইনে সংস্কারকাজ চলার বিষয়টি কর্ণফুলী কমিউটারের চালককে জানানো হয়নি।
এদিকে দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারকাজ ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঢাকা অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
