Published on
:
1 min read
এই সময়: কলকাতা হাইকোর্টের ছাদে মসজিদ তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে গিয়ে মিলল ধর্মীয় বইপত্র ও অন্যান্য সামগ্রী রাখা একটি ঘর। তবে সেখানে কোনও মসজিদ নেই বলে স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আদালতের ছাদের ওই ঘরের চাবি এক আইনজীবীর হেফাজতে থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল প্রধান বিচারপতি রবীন্দ্রনাথ ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ।
সঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলায় গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের রেজিস্ট্রিকে মূল ভবনের ছাদ পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ মেনে পরিদর্শনের পর রেজিস্ট্রি জানায়, ছাদে কোনও মসজিদ নেই। সেখানে একটি ছোট ঘরে ধর্মীয় বইপত্র, গদি, প্লাস্টিকের চেয়ার, পাখা ও অন্যান্য সামগ্রী রয়েছে। ঘরটির দু’টি দরজাই তালাবন্ধ ছিল। খোঁজ নিয়ে জানা যায়, ওই ঘরের চাবি এক আইনজীবীর কাছে রয়েছে। তিনি বার অ্যাসোসিয়েশনের সদস্য।
আদালতের পর্যবেক্ষণ, হাইকোর্টের ঘর, দরজা, এজলাস ও সিঁড়ির চাবি সংশ্লিষ্ট প্রশাসনের হেফাজতে থাকার কথা। ওই আইনজীবীর কাছে চাবি কী ভাবে এলো, তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। মামলায় তাঁকে পক্ষ করারও অনুমতি দিয়েছে আদালত। নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে সিকিউরিটি কমিটির কাছ থেকে। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
