ব্রাজিলের আমাজন অঞ্চলে দাবানল ভয়াবহভাবে বেড়েছে। এল নিনো, জলবায়ু পরিবর্তন ও মানুষের কর্মকাণ্ডের কারণে আগুন ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয় বাসিন্দারা, বাতিল হচ্ছে বিভিন্ন আয়োজন।
দেশটির আমাজোনাস অঙ্গরাজ্যে অক্টোবরের প্রথম দুই সপ্তাহে ১ হাজার ৬৭৯টি দাবানলের ঘটনা ঘটেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ২৫৩ শতাংশ বেশি। আগুনের কারণে অঙ্গরাজ্যটির অন্তত ৩৬টি পৌর এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী মানাউসের বাতাসের মান খারাপ হওয়ায় বুধবার বন্ধ রাখা হয় সরকারি স্কুলগুলো।
সাধারণত আগস্ট ও সেপ্টেম্বর আমাজনে শুষ্ক মৌসুমের সবচেয়ে কঠিন সময়। অক্টোবরে বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসতে থাকে। কিন্তু এবার বৃষ্টি দেরিতে হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বিজ্ঞানীরা বলছেন, শক্তিশালী এল নিনো ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও পানির সংকট তীব্র হয়ে উঠেছে।
ব্রাজিলের সরকার আগুন নেভাতে উড়োজাহাজ ও দমকলকর্মী পাঠিয়েছে। দেশটির পরিবেশমন্ত্রী জোয়াও পাওলো কাপোবিয়াঙ্কো সংরক্ষিত বনেও আগুন দেখতে পেয়েছেন। তার মন্ত্রণালয়ের ধারণা, বন উজাড় করে কৃষি ও পশুপালনের জমি তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে সরকার।
সূত্র: রয়টার্স
