মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এসব কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
উন্নয়নকাজের মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন। এ ছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে।
তিনটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ১৮০ মিটার। এসব কাজের চুক্তিমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। কাজগুলো সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনের সময় জনগণের অন্যতম প্রধান দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। জেলার সব সড়ক একসঙ্গে সংস্কার করা সম্ভব নয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অনুন্নত ও চলাচলের অনুপযোগী সড়কগুলোর উন্নয়নকাজ হাতে নেওয়া হবে।
মানিকগঞ্জবাসীকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, জনগণের সেবা করাই তাদের মূল লক্ষ্য। সড়ক যোগাযোগের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা আনার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
সড়কগুলোর উন্নয়নকাজ নির্ধারিত সময়ে ও মান বজায় রেখে সম্পন্ন হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত-সংক্রান্ত ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
