প্রকাশিত: ১৬:৪১, ২৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:৪৬, ২৩ অক্টোবর ২০২৬
মিরপুরের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ বিনামূল্যে দেখা যাবে।
মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে দর্শকদের জন্য সুখবর। গ্যালারিতে বসে খেলা দেখতে গুনতে হবে না টাকা, লাগবে না টিকিটও। নির্দিষ্ট দুটি গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এই ম্যাচের পাঁচ দিনই দর্শকেরা নর্থ এবং সাউথ গ্যালারিতে বিনা মূল্যে বসে খেলা উপভোগ করতে পারবেন। ম্যাচের শেষ দিন পর্যন্ত থাকছে এই সুযোগ।
বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। তবে বিনা মূল্যে প্রবেশের সুবিধা সব গ্যালারির জন্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের পাশাপাশি ভিআইপি ও হসপিটালিটি এলাকার ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হবে না।
অর্থাৎ, নির্ধারিত নর্থ ও সাউথ গ্যালারিতে খেলা দেখতে দর্শকদের টিকিট কিনতে হবে না। তবে অন্য গ্যালারিতে বসে খেলা দেখতে চাইলে এই বিনা মূল্যের সুবিধা প্রযোজ্য হবে না।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দর্শকদের জন্য বিসিবির এই উদ্যোগ মূলত মাঠে ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি বাড়ানোর একটা পদক্ষেপ।
