গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকার পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর কোনাবাড়ী আমবাগ ও সাইনবোর্ড
এলাকায় জেলা গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদন ব্যতীত বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে জোস ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার, রস রাজ সুইটস প্রতিষ্ঠানকে ৩০ হাজার এবং রুবেল ফিলিং এন্ড সিএনজি স্টেশনে অবৈধভাবে গাড়িতে করে সিএনজি সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রয়ের অভিযোগে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
