বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৮ অক্টোবর বাচসাস নির্বাচন পরিচালনা কমিটির যৌথসভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার যৌথসভায় কমিটির কাছে চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “বর্তমান কার্যনির্বাহী পরিষদ নির্ধারিত সময়ের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করেছে। তাদের সর্বাত্মক সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।”
সংগঠনের বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল যৌথ বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বাচসাস সদস্যরা একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর আবহেই ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।
যৌথসভায় নির্বাচন কমিশনের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদারসহ বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং নির্বাহী সদস্য সাজু আহমেদ উপস্থিত ছিলেন।
জেএইচআর
