কালবেলা · সাধারণ
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট
১৯/১০/২০২৬

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে ইশরাক হোসেনের প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণার পর ‘ক্ষমতা’ নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি ফেসবুকে দিয়েছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।
সোমবার (১৯ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের এই নেতার উদ্ধৃতিটি পোস্ট করেন তিনি।
নুসরাত খান লেখেন, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’
বাংলায় এর অর্থ দাঁড়ায়, যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটা সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন।
জর্জিয়ার আটলান্টায় ১৯৬৭ সালের ১৬ আগস্ট ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে’ এ ভাষণ দেন মার্টিন লুথার কিং জুনিয়র। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামে এ ভাষণের অডিও অনুলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।
আইনজীবী নুসরাত সেই ভাষণ ধরে ক্ষমতার প্রসঙ্গ টানলেও স্বামীর পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। কেন তিনি এই উদ্ধৃতি টেনেছেন, ব্যাখ্যা দেননি সে বিষয়েও।
এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘তার কারণে বিএনপি বা সরকার যাতে বিব্রত না হয় এবং প্রধানমন্ত্রীর কাজ আড়ালে পড়ে না যায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’
মূল প্রতিবেদনে যান ↗