কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় খোকসা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১ টার সময় খোকসা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল খোকসা থানাধীন আজইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার গনেশপুর গ্রামের মোঃ নাজমুল হোসেনের ছেলে মোঃ রিয়াজ হোসেন (২৫), মৃত আমিরুল ইসলামের ছেলে মোঃ রাহিম (২০) এবং মোঃ মোহন উদ্দিনের ছেলে মোঃ রিপন হোসেন (১৮)।
পরবর্তীতে খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের সাজা দেওয়া হয়। সাজার আওতায় মোঃ রিয়াজ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ রাহিমকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ রিপন হোসেনকে ২০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজা প্রদানের পর গ্রেপ্তারকৃতদের পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
