খুলনা গেজেট অক্টোবর ১৫, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
অভয়নগরে এক বৃদ্ধের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা-জানালা লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বুলেট নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন তার সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
এর আগে ওই পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রানাগাতি গ্রামে ওহাব আলী শেখের (৮০) বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুলেট (৩৫) ও তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র নিয়ে ওহাব আলী শেখের বাড়ির উঠানে গিয়ে তার ছেলে কেরামত শেখকে ডাকাডাকি করেন। প্রাণ ভয়ে পরিবারের সদস্যরা দরজা না খুললে তারা ঘরের দরজা-জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় কেরামত শেখসহ পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে বুলেট নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কেরামত শেখকে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান।
তিনি বলেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে। পাশাপাশি ঘটনার তদন্তও চলছে।
খুলনা গেজেট/এনএম
