নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো: শাহাদাত হোসেন সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়ায় ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (১১ অক্টোবর) বিকালে সাড়ে পাঁচটার দিকে উপজেলার লাহুড়িয়ার কালিগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান, লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী মিয়াসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও যুবলীগের চিহ্নিত নেতাকে কীভাবে সারের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে ডিলার নিয়োগ দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে যুবলীগের নেতাকে বাদ দিয়ে নতুন করে সারের ডিলার নিয়োগ দিতে হবে।
দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
তারা আরও বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ও সময়মতো সার পায় তা নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, সার ডিলার নিয়োগে উপজেলা ভিত্তিক একটি কমিটি করা হয়। ওই কমিটির সিদ্ধান্ত মোতাবেক সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আমার অর্থাৎ কৃষি অধিদপ্তরের কোন ভূমিকা নেই।
