চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. ইমন (২৩) ও নুরুল আবছার নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে উত্তর সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সংগঠক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডেলিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে কিশোরীকে ওই বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও ৩০ ধারায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমন ও নুরুল আবছারকে গ্রেপ্তার করা হয়। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাবিদ/এইচএস
