রাজ্যের বিভিন্ন রাস্তা অথবা সেতুর নাম পর্যালোচনার লক্ষ্যে গঠিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ লেনিন সরণি–সহ একাধিক রাস্তার নাম বদলের পক্ষে মতামত দিয়েছেন। এই প্রেক্ষাপটে সোমবার সিপিএম, সিপিআই, সিপিআইএমএল (লিবারেশন), এসইউসিআই (সি)–সহ বাম দলগুলি নাম বদল ইস্যুতে সুবোধ মল্লিক স্কোয়্যারে সমাবেশ করে। বামেরা ধর্মতলায় লেনিন মূর্তির সামনে এই সভা করতে চাইলেও সেখানে লালবাজারের অনুমতি পাওয়া যায়নি। এই সভাতেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিভিন্ন দেশে রাস্তা রয়েছে। বৌদ্ধ ধর্ম ভারত থেকে দেশে দেশে ছড়িয়েছে। থাইল্যান্ড, চিন, জাপানে যদি বলা হয় গৌতম বুদ্ধ তো ভারতীয়, তা হলে সে দেশে কেন বুদ্ধের স্মারক–মন্দির থাকবে?’ যদিও বিজেপির মুখপাত্র সায়ন্তন বসুর পাল্টা যুক্তি, ‘ভারতে থেকে সভ্যতার আলো সারা পৃথিবীতে ছড়িয়েছে। তাই ভারতীয় মনীষীদের নাম দেশে দেশে থাকবে। কিন্তু মার্কস, লেনিন— এঁদের থেকে ভারত কী শিখেছে?’ সেলিমের উত্তর, ‘বাল গঙ্গাধর তিলক যখন গ্রেপ্তার হন, তখন লেনিন প্রতিবাদ করেছিলেন। ১২৬ বছর আগে লেনিন বলে গিয়েছেন— চিন, ভারত, মিশর, তুরস্ক, কোরিয়া ঔপনিবেশিক শাসন মেনে নেবে না। ১৯১৭–এ রুশ বিপ্লব ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে মানুষের লড়াইকে জোরদার করেছিল।’
