নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত ও ৩০ জন আহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দলটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত ও শোকাহত।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করা এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
