ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়ির নলকূপের ড্রেনের পানি যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জাহান্নারা (৫০) নামের এক নারীকে মারধর করে কোমর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ছাড়া পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ঘরবাড়ি ভাঙচুর, গরু-বাছুরসহ তিন থেকে চার লাখ টাকার মালামাল লুটের অভিযোগও উঠেছে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আসন খাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন একই এলাকার রতনের ছেলে মো. হৃদয় (২৭) ও মো. ইয়াছিন (২৫) এবং মৃত চাঁন খাঁর ছেলে মো. খোকন (৪৫)।
ভুক্তভোগী জাহান্নারা জানান, বাড়ির নলকূপের ড্রেনের পানি যাওয়া নিয়ে বেশ কিছুদিন আগে প্রতিপক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ওপর চড়াও হয়ে চুলের মুঠি ধরে মারধর করেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী। জাহান্নারার স্বামী অভিযোগকারী আসন খাঁ জানান, এর আগেও বিবাদীরা তাদের একাধিকবার মারধর করেছেন।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মানেননি। তিনি আরও জানান, শুক্রবার সকালে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তারা বাড়ির বাইরে যান।
এ সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেন এবং গোয়ালের গরু-বাছুরসহ প্রায় তিন থেকে চার লাখ টাকার মালামাল নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা