ম্যানচেস্টার ইউনাইটেডের অন্দরমহলে উত্তাপ যেন কিছুতেই কমছে না। ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করে বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। সেই বিতর্কের রেশ এবার ছড়িয়ে পড়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসরেও। পরিস্থিতি সামাল দিতে নাকি নিজেদের পরিকল্পিত নৈশভোজও বাতিল করেছেন ম্যানইউর তারকা ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা!
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে একসঙ্গে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ম্যানইউর খেলোয়াড়দের সঙ্গীরা। তবে বিতর্কের মধ্যে নিজেদের আড়ালে রাখতেই শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টারের হেল এলাকার ইতালীয় রেস্তোরাঁ সিবোতে তাদের জন্য বুকিং দেওয়া হয়েছিল। ম্যানইউর খেলোয়াড় ও কোচদের কাছে জনপ্রিয় এই রেস্তোরার একটি পুরো ফ্লোর বুক করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সেই বুকিং বাতিল করা হয়।
আরও পড়ুন
ক্লাবের পক্ষ থেকে আপাতত আলোচনার বাইরে থাকার পরামর্শ দেওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিবেদনটি। বিতর্ক পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাইছে ম্যানইউ। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নৈশভোজে মার্তিনেজের সঙ্গী মুরি লোপেজের উপস্থিত থাকার কথা ছিল বলে জানা গেছে। এ ছাড়া হ্যারি ম্যাগুইয়েরর স্ত্রী ফার্ন হকিন্স এবং ব্রুনো ফার্নান্দেজের স্ত্রী আনা পিনহোরও সেখানে যাওয়ার কথা ছিল।
আতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর বিতর্কের সূত্রপাত। ওই হারের পর ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্স এবং শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেন মার্তিনেজ। তার অভিযোগ ছিল, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে কোচ মাইকেল ক্যারিককে যথেষ্ট সমর্থন দেয়নি ক্লাব কর্তৃপক্ষ।
মার্তিনেজের মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হলে বুধবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে নিজের বক্তব্য পরিষ্কার করার চেষ্টা করেন তিনি। দিনটি ছিল আতলেটিকোর বিপক্ষে হারের পর খেলোয়াড়দের নির্ধারিত বিশ্রামের দিন। পরে উইলকক্স ও ক্লাবের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনার পর নতুন করে আরেকটি বিবৃতি দেন আর্জেন্টাইন ডিফেন্ডার। তার মন্তব্যের জন্য জরিমানাও করা হয়েছে।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যানইউ কোচ মাইকেল ক্যারিক জানিয়েছেন, মার্তিনেজের মন্তব্য নিয়ে দলের মধ্যে আর কোনো সমস্যা নেই। তার বিশ্বাস, নিজের ভুল বুঝতে পেরেছেন এই ডিফেন্ডার। এ নিয়ে বিতর্ক দলের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।
ক্যারিক বলেন, ‘আমরা সবাই পরিস্থিতিটা বুঝতে পেরেছি এবং এর অর্থ কী, সেটাও বুঝেছি। লিসান্দ্রো অবশ্যই নিজের বিবৃতি দিয়েছে এবং স্বীকার করেছে যে তার কাছ থেকে ভুল হয়েছে। ব্যস, বিষয়টা আসলে এতটুকুই। দল হিসেবে আমাদের কাছে এটি মোটেও বড় কোনো নাটক নয়। সত্যি বলতে, আমরা বিষয়টি পেছনে ফেলে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে যা ঘটেছে, তা স্বীকার করাটাই যথেষ্ট হয়েছে। সে নিজের বিবৃতি দিয়েছে এবং বুঝতে পেরেছে যে ভুল করেছে। আমার মনে হয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবার কাছে এটুকুই যথেষ্ট। আমরা এখন নিশ্চিতভাবেই বিষয়টি নিয়ে আর পেছনে ফিরে তাকাচ্ছি না।’
আগামী রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ম্যানইউর স্কোয়াডে থাকার কথা রয়েছে মার্তিনেজের। বিতর্ক পেছনে ফেলে মাঠের খেলায় মনোযোগ ফেরানোই এখন ক্লাবটির লক্ষ্য।
অনিক/
