বিএনপি বেহেশতের লোভ দেখিয়ে রাজনীতি করে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রভাত সংবাদদাতা, বগুড়া: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মানুষের অধিকার, সামাজিক-অর্থনৈতিক মুক্তি ও সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার মাধ্যমেই বিএনপি জনগণের আস্থা অর্জন করবে। বিএনপি ধর্ম বা বেহেশতের লোভ দেখিয়ে রাজনীতি করে না। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে এই কার্যক্রমের ব্যবস্থা করা হয়।প্রতিমন্ত্রী জানান, বিএনপি জনগণের সরকার। রাষ্ট্র পরিচালনার গত সাত মাসে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলাসহ দেশে সমভাবে উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে।মীর শাহে আলম বলেন, নির্বাচনের আগে যারা মিথ্যা আশ্বাস ও বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়েছিল, ভোটের পর আজ আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করলেও হিন্দু সম্প্রদায় কিংবা মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের কল্যাণ নিয়ে কোনো কাজ করেনি। বিএনপি সরকার দেশে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি ভাতার আওতায় আনার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে।সরকারের ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমরা কোনো ফাঁকি বা ডামি নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাই না। জনগণের সেবায় কাজ করেই আগামী নির্বাচনে আবার তাদের ভোটে নির্বাচিত হতে চাই। আগামী তিন থেকে চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং দুই কোটি দশ লাখ কৃষককে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার সরকারের প্রতিশ্রুতির কথা তিনি পুনর্ব্যক্ত করেন।এ সময় শিবগঞ্জ এলাকার প্রশাসনিক ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে জানানো হয়, প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে নতুন মোকামতলা উপজেলা গঠন এবং সৈয়দপুর ইউনিয়নকে ভেঙে দুটি পৃথক ইউনিয়ন করা হয়েছে। পাশাপাশি মোকামতলা থেকে সোনাতলা হয়ে সাঘাটা পর্যন্ত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা বাস্তবায়নাধীন রয়েছে।সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এদের মধ্যে প্রায় ৬০০ ছানি পড়া রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার সুযোগ পেয়ে শতশত উপকারভোগী ও বয়োজ্যেষ্ঠ মানুষ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন স্তরের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আগামী রবিবার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ৬ শতাধিক মেধাবী ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
More News Of This Category

