আজকাল ওয়েবডেস্ক: আগেই সাফ জানিয়েছেন, যাই ঘটুক না কেন, তিনি ফিরবেন পদ্মাপারে। ডিসেম্বর মাসেই ফেরার কথা জানিয়েছিলেন। নির্দিষ্ট দিন-ক্ষণের কথা না জানালেও, ডিসেম্বর এগিয়ে আসতেই, আরও প্রত্যয়ী শেখ হাসিনা।
ওয়াশিংটনের একটি সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন হাসিনা। সেখানেই তিনি আরও বড় বার্তা দেন দেশে ফেরা নিয়ে। তিনি বলেন, 'আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাব। আমি ভীত নই। আমি জানি, তারা আমাকে হত্যা করতে পারে, গ্রেপ্তার করতে পারে, এমনকি নির্যাতনও করতে পারে। কিন্তু ফিরে যাওয়াটা আমার দায়িত্ব।' হাসিনা আরও বলেন, 'এটি কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমাকে ফিরে যেতেই হবে।'
হাসিনা আগেই জানিয়েছিলেন, ডিসেম্বর বিজয়ের মাস, সেই কারণেই প্রত্যাবর্তনের সময় হিসেবে ডিসেম্বর মাসই উপযুক্ত। কবে ফিরছেন দেশে? জল্পনা তা নিয়েই। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, এখনও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি, হলেই তা জানানো হবে। ২০২৪ সালে, দেশত্যাগের পর থেকেই হাসিনা ভারতে। সাংবাদিক সম্মেলনে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন হাসিনা। তিনি বলেন, 'ভারত সরকার ও সেখানকার জনগণ—সব দলের মানুষই—আমাকে ঠিক ১৯৭৫ সালের মতোই গ্রহণ করেছেন।'
এর আগেই হাসিনা বলেছেন, 'আমার এবং আওয়ামী লিগের প্রত্যাবর্তন গণতান্ত্রিক পদ্ধতির কাছে, ক্ষমতার জন্য নয়, ফিরব বাংলাদেশকে সঠিক পথে চালিত করার জন্য। বাংলাদেশকে উন্নয়নের পথে চালিত করতে। আমি বাংলাদেশে ফিরতে চাই কেবল একটিই কারণে। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে এবং তাঁদের জীবন যাত্রার উন্নতিতে সাহায্য করতে। আমি তাঁদের বিশ্বাস করি, ভালবাসি, আমি তাঁদের কাছে ফিরব।'
অন্যদিকে, উদ্বেগ-আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাঁর কারাবাস হলেও, কঠিন শাস্তির মুখোমুখি হতে হলেও, ফিরবেন দেশে। বুধেও একই কথা বলেন তিনি। বক্তব্যের মাঝেই জানান, গ্রেপ্তারি, কারাবাসের ঝুঁকি থাকলেও, তা নিয়েই তিনি দেশে ফিরবেন। জনগণের প্রতি তাঁর কর্তব্য থেকে কোনওভাবেই বিরত রাখা যাবে না তাঁকে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
