তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। অথচ, এখন তারাই দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করছে। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার বিষয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগ অবগত নয়। প্রায় আড়াই বছর আগে তারা দেশ ছেড়ে পালিয়েছে। এরপর থেকে তাদের উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। হাতে গোনা কয়েকজন মিছিল করে।
তিনি বলেন, আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরতে চায়, তাহলে অনেক চিন্তাভাবনা করেই ফিরতে হবে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। জুলাইয়ের ঘটনাবলির জন্য তাদের ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এরপর বাংলাদেশের মানুষ তাদের রাজনীতি করার সুযোগ দেবে কি না, তা সময়ই বলে দেবে।
আওয়ামী লীগের অতীত রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে বলত, বিএনপি ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদের উত্থান হবে। এখন তারা বলছে, দেশে গণতন্ত্র নেই। অথচ দীর্ঘ ১৭ বছর তারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে।
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রচার করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করেছেন। দেশের বাইরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক প্রচারণার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার মতে, এখনো সেই সময় আসেনি। ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফিরে আসা বাস্তবসম্মত বলে মনে করেন না তিনি।
এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
