নিজস্ব প্রতিবেদক · ১৭ অক্টোবর, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাফলং থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে আসা আরেকটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এসময় আহত তিন মাস বয়সী শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আয়াতের বাবার নাম হাসানুজ্জামান। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিরাইমারা সেতুর পূর্ব পাশে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন মাস বয়সী এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গুগলে আমাদের খবর পেতে
