সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
- আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
- ১৬ বার পড়া হয়েছে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সরকারের জরুরি নির্দেশনায় বানিয়াচং উপজেলায় ফ্যামিলিকার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অগ্রাধিকার ভিত্তিক ক্রম অনুযায়ী উপজেলার ৩টি ইউনিয়ন থেকে ১৫টি ট্যাব প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত ১৫ জন প্রশিক্ষণার্থী এই কর্মসূচিতে অংশ নেন। গত ১০ অক্টোবর, গত শনিবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যাত্রায় ফ্যামিলিকার্ড সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।” এ সময় তিনি সবাইকে বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সততা ও সঠিকভাবে তথ্য তুলে আনার মাধ্যমে প্রকৃত গরীবের হক সুনিশ্চিত করার উদাত্ত আহবান জানান। তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীদের নিকট সঠিক উপায়ে সরকারি সুবিধা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরদিন ১১ অক্টোবর, রবিবার বিকেলে একই ভেন্যুতে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহরাব হোসাইন-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (উপ-পরিচালক) রাশেদুজ্জামান চৌধুরী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন।
সমাপনী বক্তব্যে অতিথিরা প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার উপর জোর দেন এবং ফ্যামিলিকার্ডের ডেটা এন্ট্রির কাজ শতভাগ নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রতি আহ্বান জানান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উপকরণ তুলে দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের ট্রেনিং প্রদান করেন সাইফুল ইসলাম।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


