গোলাপগঞ্জ ও সিলেট সদরে অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়
সংবাদ বিজ্ঞপ্তি · ২১ অক্টোবর, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকা প্রবাসী সুনীতি বালা সরকারের সৌজন্যে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘাসহ আরও তিনটি মণ্ডপের সুবিধাভোগী নারীদের মাঝে নয়াটিল্লা সার্বজনীন পূজা মণ্ডপে এবং সমাজসেবক মনোরঞ্জন বিশ্বাসের সৌজন্যে সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার শ্যামপুর গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক সুসেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিন সরকার, নারদ বিশ্বাস, প্রধান শিক্ষক পাঁচু মোহন বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, সত্যেন্দ্র নন্দী ও নিত্যানন্দ বিশ্বাস। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা পরিষদের কর্মকর্তা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দুর্গোৎসবের আনন্দে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখার আহ্বান জানান।
গুগলে আমাদের খবর পেতে
