Published on
:
2 min read
এই সময়, ঢাকা: শুধু কাশফুল বা শরতের নীলাকাশই নয়, বলা হয়— একের পর এক মূর্তি ভাঙচুরের ঘটনায় বাংলাদেশে অনুভূত হয় দুর্গাপূজা আগতপ্রায়। পূজোর আগে মন্দিরে হামলা ও মূর্তির ক্ষয়ক্ষতি করা যেন রীতি হয়ে গিয়েছে বাংলাদেশে। সরকার যায়, আসে। মণ্ডপে হামলার রীতি পাল্টায় না। এমন একটি বছরের কথা বাংলাদেশে কেউ বলতে পারবে না, যখন মণ্ডপে হামলা হয়নি বা মূর্তি ভাঙেনি। তবে তার মধ্যেও পূজার সংখ্যা বেড়েছে বলে দাবি সরকারের।
দেশের এই পরিস্থিতিতে দিন পাঁচেক আগে ঢাকা নগর (ডিএমপি) পুলিশের কমিশনার মোসলে উদ্দীন আহমদ এবারের দুর্গাপূজাকে পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন। মণ্ডপগুলির নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের কথাও জানিয়েছেন তিনি। পুজোর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট না হলেও শনিবার মহালয়ার দিনেই ঢাকার সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটিকে সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত বলে মনে করছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়ার কুমারখালিতে একটি মন্দিরে দুর্গা ও লক্ষ্মী-সহ ৩টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে, এখনও পর্যন্ত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। গত ৭ অক্টোবর ঢাকার রমনা কালীমন্দির থেকে খোয়া গিয়েছিল প্রতিমার স্বর্ণালঙ্কার। রবিবার অবশ্য, এই স্বর্ণালঙ্কার চোরের দলকে উত্তরা থেকে আটক করেছে পুলিশ।
হিন্দু ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবকে ঘিরে শহরের সুপার মার্কেট ও শপিং মলগুলি যেন জেগে উঠেছে। একই ভাবে দুর্গাপূজার প্রতিমা তৈরিতেও ব্যস্ততা দেশের শত-শত মৃৎশিল্পীর। প্রতিমার মাটির কাজ শেষ করে তারা এখন গায়ে রং ও অলঙ্করণের কাজে হাত দিয়েছেন। মণ্ডপ তৈরির কাজও এগোচ্ছে।
সরকারি সূত্রের খবর, এ বার বাংলাদেশে মোট ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হবে। গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ১,৮৯৪টি (গত বছর এই সংখ্যা ছিল ৩১,৪৬১টি)। এ ছাড়া ঢাকা মহানগর এলাকায় এ বার মোট ২৫৯টি মণ্ডপে পুজো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দুর্গাপূজার নিরাপত্তায় নির্বাচনকালে ব্যবহৃত এনটিএমসি-র একটি অ্যাপ ব্যবহার করা হবে। কোনও মণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যাতে দ্রুত তা জেনে পদক্ষেপ করা যায়, সেই উদ্দেশ্যেই অ্যাপটি ব্যবহার করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবি মেনে এবার দুর্গাপূজার সরকারি ছুটি এক দিন বাড়িয়ে তিন দিন করা হয়েছে। পুজোতে দেওয়া হয়েছে একাধিক বিশেষ ট্রেন সার্ভিস। কোনও ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিত করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমন কোনও তথ্য নেই। সালাহউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সর্বক্ষণ যোগাযোগ রয়েছে এবং সবাই সতর্ক রয়েছেন। তিনি দাবি করেন, পূজার আগে প্রতিমা ভাঙচুরের ঘটনার কথা তাঁর জানা নেই।
সিলেট বা মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুরের খবরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফেসবুকে প্রকাশিত কোনও তথ্য সঠিক হলে পুলিশ প্রধান প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসেবে এ বার এখনও পর্যন্ত প্রতিমা ভাঙচুরে্র ১৬টি ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দূর্গাপূজা উপলক্ষে এ বার তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি (অফ ডে) বাতিল করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের চাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যুক্ত করা হবে।