‘ব্যাচেলর পয়েন্ট’-এ ভরপুর অ্যাকশন ধামাকা!
দুর্গাপূজায় ভরপুর অ্যাকশন থাকবে চ্যাপ্টার ১৬-তে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
শারদীয় দুর্গাপূজার ছুটির শুরুতেই দর্শকদের জন্য সুখবর দিলেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। সাধারণত বৃহস্পতিবার মুক্তি পেলেও এবার দুদিন আগে এগিয়ে মঙ্গলবারই প্রকাশ পাচ্ছে আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টার-১৬।
নির্মাতার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) বঙ্গতে দেখা যাবে নতুন পর্বটি। সোমবার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি। তিনি লিখেছেন, ২০ তারিখ থেকে ছুটি শুরু। তাই এদিনই রিলিজ হবে ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার-১৬ বঙ্গতে। সবাই রেডি তো?
অমির এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন সিরিজটির ভক্তরা। নতুন পর্বে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে চলছে নানা জল্পনা। কেউ জানতে চাইছেন পাশা ভাইয়ের কর্মকাণ্ড, কেউবা অপেক্ষায় আছেন ইংলিশ লেবুর নতুন কাণ্ডকারখানা দেখার। পাশাপাশি কাবিলা, নেহাল, আরেফিন, জাকির, বাচ্চু স্যার, মতলবকে নিয়েও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
নতুন চ্যাপ্টারে কী চমক থাকছে? এ প্রসঙ্গে জানতে চাইলে ক্ষুদেবার্তায় নির্মাতা অমি বলেন, “অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। ভরপুর অ্যাকশন থাকবে এবার।’
শহুরে ব্যাচেলরদের দৈনন্দিন জীবন, বন্ধুত্ব, প্রেম, হাসি-কান্না আর বিচিত্র সব ঘটনার গল্প নিয়ে কয়েক বছর আগে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় সিরিজটি এখন পঞ্চম সিজনে।
এর প্রতিটি পর্ব ঘিরেই দর্শকদের মধ্যে তৈরি হয় নতুন আগ্রহ, আর চরিত্রগুলোর সংলাপ ও কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে আলোচনা।
সিরিজটির জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), জিয়াউল হক পলাশ (কাবিলা), তৌসিফ মাহবুব (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)।
এ ছাড়া রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ বাচ্চু ও মালু দেওয়ানসহ অনেকে।
কাজল আরেফিন অমির পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ বঙ্গের পাশাপাশি প্রচারিত হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
