জমি বিক্রির প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও ক্রেতাদের হাতে ওঠেনি রেজিস্ট্রি দলিল। দীর্ঘদিনের অপেক্ষা আর ভোগান্তির অবসান না হওয়ায় এবার নেত্রকোনার কলমাকান্দায় সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর বাড়িতে অবস্থান নিয়েছেন দুই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। তাদের অভিযোগ, জমি কিনেও দলিল না পাওয়ায় বছরের পর বছর ধরে অনিশ্চয়তায় রয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে অবস্থান নিয়ে জমির দলিল বুঝিয়ে দেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে দলিল না দেওয়ার অভিযোগ তুলে প্রতিকার দাবি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৯ বছর আগে জহুরা খাতুন ও ঝর্ণা আক্তারের পরিবার গোলাম রব্বানীর কাছ থেকে জমি কেনেন। তবে জমি কেনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জমির রেজিস্ট্রি দলিল বুঝে পাননি তারা। এতে দুই পরিবারের সদস্যদের ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে।
দীর্ঘদিন অপেক্ষা করেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত সাবেক সংসদ সদস্যের বাড়িতে গিয়ে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। দ্রুত জমির দলিল রেজিস্ট্রি করে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে, অবস্থান কর্মসূচির সময় বাড়িতে ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী। তিনি বলেন, ‘জমি ক্রেতাদের দখলে রয়েছে, শুধু রেজিস্ট্রি করে দেওয়া বাকি।’
গোলাম রব্বানী বলেন, ‘জমিটা প্রথমে আমি বিক্রি করেছি। পরে বাটোয়ারা অনুযায়ী এই জমির মালিক আমার ভাতিজা। এদিকে আমি আমার জমি ভাতিজাকে দেওয়ার পরও আমার জমি দিচ্ছে না। যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে।’
সাবেক এই সংসদ সদস্যের ভাষ্য, ভাতিজার সঙ্গে পারিবারিক বিরোধের কারণে জমির রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। তবে ক্রেতাদের জমির দখল রয়েছে এবং দলিল রেজিস্ট্রি করা বাকি আছে বলে তিনি স্বীকার করেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দেন।
তবে প্রায় ৯ বছর ধরে দলিলের অপেক্ষায় থাকা দুই পরিবারের সদস্যদের অভিযোগ, এখনো তারা সমস্যার সুনির্দিষ্ট সমাধান পাননি। জমি কেনার পরও রেজিস্ট্রি দলিল না পাওয়ায় তাদের ভোগান্তি কাটছে না। দ্রুত দলিল বুঝিয়ে দিয়ে দীর্ঘদিনের এই সমস্যার অবসান চান তারা।
