তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ দুর্যোগকে ১৯৪২ সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে উল্লেখ করেছেন।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত আগের ৪৮ ঘণ্টায় ইস্তাম্বুলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি। অতিবৃষ্টির কারণে শহরটিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি বলেন, জনগণকে সহায়তা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি সেতুর নিচ থেকে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ছাড়া সারিয়ার এলাকায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের বসবাস ইস্তাম্বুলে। বন্যার পানিতে শহরটির আবাসিক ভবন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।
