দেশের গুণী অভিনেতা আজিজুল হাকিমের বর্ণাঢ্য অভিনয়জীবন নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে নতুন বই। একটি প্রকাশনা সংস্থা তার বর্ণাঢ্য অভিনয়যাত্রা ও অভিজ্ঞতা নিয়ে এই বই প্রকাশের আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে বইটি কীভাবে সাজানো হবে তা নিয়ে চলছে আলোচনা।
এক সংবাদ মাধ্যমে খবরটি জানিয়েছেন অভিনেতা নিজেই। বলেছেন, মামুনুর রশীদের হাত ধরে আমার নাট্যজীবনের পথচলা শুরু। মঞ্চ আমাকে অভিনয়শিল্পী হিসেবে তৈরি করেছে। একজন শিল্পীর দীর্ঘ অভিনয়জীবন নিয়ে গবেষণা করে বই প্রকাশের উদ্যোগ নেওয়াটা সত্যিই সম্মানের।
অভিনয়ের সুবর্ণজয়ন্তী নিয়ে উচ্ছ্বসিত আজিজুল হাকিম বলেন, ‘অভিনয়ে ৫০ বছরে পদার্পণ এটি আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক দীর্ঘ সময়। এই পথচলায় অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। মঞ্চে অভিনয়, নির্দেশনা, বিজ্ঞাপন, নাটক, সিনেমাসহ সব ক্ষেত্রই উঠে আসবে এই বইয়ে। এর মাধ্যমে আমার অভিজ্ঞতাগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে। যেহেতু বই বারবার প্রকাশ করা যায় না, তাই একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি করতে চাই। আর দর্শকের ভালোবাসাই আমাকে এত দীর্ঘ পথচলার শক্তি জুগিয়েছে।’
পাঁচ দশক আগে ১৯৭৭ সালে নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন আজিজুল হাকিম। দলটির হয়ে বিভিন্ন নাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার পর ১৯৮১ সালে ‘এখানে নোঙর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে তার অভিষেক ঘটে। এরপর ১৯৮৪ সালে ‘তবুও তো সে’ নাটকে প্রথমবার নায়কের চরিত্রে অভিনয় করে তিনি নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে হুমায়ূন আহমেদের উপন্যাসে নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খনীল কারাগার’ দিয়ে।
