প্রতিনিধি, হবিগঞ্জ · ২১ অক্টোবর, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
ইউরোপের দেশ গ্রিসে গিয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখেছিলেন হবিগঞ্জের নবীগঞ্জের মতব্বির হোসেন (৪৫)। সেই স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। কিন্তু গ্রিসে পৌঁছানো হয়নি তার। লিবিয়ার গানপুদা কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নবীগঞ্জের হালিতলা গ্রামে।
মতব্বির হোসেন নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত আওর বকতের ছেলে। তিনি হালিতলা বারইকান্দি গ্রামের সাংবাদিক আবু তালেবের চাচাতো ভাই এবং তাঁর ছোট বোনের স্বামী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অবস্থান করছিলেন মতব্বির। একপর্যায়ে তিনি দেশটির গানপুদা কারাগারে আটক হন। সেখানে থাকা অবস্থায় জটিল অসুস্থতায় আক্রান্ত হলে তাঁকে আলফা মিথিন হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মতব্বিরের মৃত্যুর খবর দেশে পৌঁছালে শোকাহত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা। প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। স্বজন ও স্থানীয় লোকজন শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে আসছেন।
মতব্বিরের চাচাতো ভাই সাংবাদিক আবু তালেব বলেন, মতব্বিরের স্বপ্ন ছিল গ্রিসে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করা। সেই আশায় সে লিবিয়ায় গিয়েছিল। কিন্তু সেখানে আটক হওয়ার পর অসুস্থ হয়ে মারা গেল। তার মৃত্যুর খবরে আমরা ভেঙে পড়েছি। এখন তার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে অনিশ্চয়তায় আছি।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, এরকম কোন মৃত্যুর সংবাদ আমরা পাইনি। তবে পরিবার থেকে যদি আমাদের সাথে যোগাযোগ করা হয় তাহলে আমরা তাদের সহযোগিতায় যা করা প্রয়োজন সেটি করা হবে।
গুগলে আমাদের খবর পেতে
