ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভাবন, সৃজনশীলতা ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘প্রিজম এআই ক্রিয়েটিভ বুটক্যাম্প’। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সৃজনশীল কনটেন্ট তৈরি, গল্প বলা, বিজ্ঞাপন নির্মাণ ও চলচ্চিত্র প্রযোজনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হওয়া এ বুটক্যাম্প চলবে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর অংশ হিসেবে স্পাইকস্টোরি লিমিটেড এ আয়োজন করেছে।
বিজ্ঞাপন
আয়োজকদের তথ্য অনুযায়ী, বুটক্যাম্পে বিজ্ঞাপন, গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম, চলচ্চিত্র নির্মাণ ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযোজনার অভিজ্ঞ পেশাজীবীরা বিভিন্ন অধিবেশনে অংশ নিচ্ছেন। এতে নির্বাচিত তরুণ নির্মাতারা এআই প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, কনটেন্ট তৈরির কৌশল এবং সৃজনশীল শিল্পের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে শেখার সুযোগ পাচ্ছেন।
দুদিনের এ আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কনটেন্ট তৈরি, সৃজনশীল গল্প বলা, এআই যুগে ব্র্যান্ডের সঙ্গে ভোক্তার সম্পৃক্ততা, প্রচলিত ও এআই প্রযুক্তির সমন্বয়ে প্রযোজনা, চলচ্চিত্র সম্পাদনা ও সম্পাদনা-পরবর্তী কাজ, জেনারেটিভ এআই বা সৃজনশীল কনটেন্ট তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বল্পদৈর্ঘ্যের ভিডিও নির্মাণ, এআইনির্ভর ভিডিও বিজ্ঞাপন এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে অধিবেশন রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বুটক্যাম্পে অধিবেশন পরিচালনা করছেন সিবস সলিউশনের হাসিব হাসান চৌধুরী, স্পাইকস্টোরির হোসাইন আল ফারাবী, অমনি স্ট্র্যাটেজির সামি আশরাফ, ভোসুর বিজয় ঘোষ ও রায়হান হোসেন, চলচ্চিত্র নির্মাতা নাফিজ রেজা, সম্পাদনা-পরবর্তী কাজের বিশেষজ্ঞ মাহফুজুল হক আশিক, আলেফ বাংলাদেশের শাফায়াত রেজা ও সাকিব আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের সোহেল রানা, দ্য ডেইলি স্টারের আজাদ বেগ এবং টিম ক্রিয়েটিভ ও এআই ভার্সিটির শাকিব আহমেদ।
আয়োজকদের মতে, এ উদ্যোগের লক্ষ্য শুধু এআইয়ের বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের কৌশল শেখানো নয়; বরং প্রযুক্তির সঙ্গে মানুষের কল্পনাশক্তি, গল্প বলার দক্ষতা, সৃজনশীল বিচারবোধ ও দায়িত্বশীলতার সমন্বয় ঘটানো। পাশাপাশি, প্রতিযোগিতার চূড়ান্ত সৃজনশীল চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও পাচ্ছেন অংশগ্রহণকারীরা।
‘প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর প্রতিযোগিতায় চারটি বিভাগ রয়েছে। এগুলো হলো—কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সংগীতের ভিডিও এবং ফ্যাশন।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের নির্মাতাদের সৃজনশীল কাজের স্বীকৃতি দেওয়া, নতুন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার লক্ষ্য নিয়েছে আয়োজকেরা।
স্পাইকস্টোরির এডিটর ইন চিফ হোসাইন আল ফারাবী বলেন, দুদিনব্যাপী এআই ক্রিয়েটিভ বুটক্যাম্পে ট্রেইনার থাকবেন ১২ জন। ৫ হাজার ২০০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৬০ জনকে নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞাপন
‘মানবিক সৃজনশীলতা, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যোগের মূল লক্ষ্য মানুষের সৃজনশীলতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে একত্র করা। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মৌলিক ধারণা, গল্প বলার দক্ষতা, কৌশলগত চিন্তা এবং এআইয়ের নৈতিক ব্যবহারকে সৃজনশীল কাজের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরছেন আয়োজকেরা।
এসএম/এমকেআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
