রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। সপ্তাহব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।
প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ২২ জন দৌড়বিদ অংশ নেন। ক্যামলং যাত্রীছাউনি থেকে শুরু হওয়া দৌড়টি স্বর্ণমন্দির, বালাঘাটা, ট্রাফিক মোড় ও রাজার মাঠ হয়ে উজানীপাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন জসিং থোয়াই মারমা। দ্বিতীয় হন বান্দরবান হিল রানার্স কমিটির সহসভাপতি সাঅংপ্রু মারমা (ক্য ক্য) এবং তৃতীয় স্থান অর্জন করেন উবাচিং মারমা। তিনজনই বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধি।
নারী বিভাগে প্রথম হন হ্লামে ছাই মারমা, দ্বিতীয় ছাইমে থুই মারমা, তৃতীয় খিং খিং সাইং মারমা এবং চতুর্থ স্থান অর্জন করেন কলি চৌধুরী। এ বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুজনও হিল রানার্স কমিটির সদস্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।
সাংবাদিক কিকি উ-এর সঞ্চালনায় এবং থুইসিং প্রু লুবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উ উইন মং জলি, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি ডা. শান্তানু দাশ, সাধারণ সম্পাদক মো. আরিফ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমা, হিল রানার্স কমিটির সদস্য রবিউল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকদের এ উদ্যোগে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের আনন্দের পাশাপাশি তরুণদের মধ্যে দৌড়, নিয়মিত শরীরচর্চা এবং সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
The post প্রবারণা পূর্ণিমার মিনি ম্যারাথনে হিল রানার্সের সাফল্য appeared first on ভোরের চেতনা.
