ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২০, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। লিগ পর্বের শেষ ম্যাচে আগামীকাল তারা বাংলাদেশের মুখোমুখি হবে। তিন দলের পয়েন্টই ২। নেট রান রেটে আফগানিস্তানকে পেছনে ফেলে ফাইনাল খেলতে হলে এই ম্যাচে বাংলাদেশকে সমীকরণ মিলিয়ে জিততে হবে।
গতকাল জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারানোর পরও আফগান প্রধান কোচ রিচার্ড পাইবাস সতর্ক থাকছেন বাংলাদেশকে নিয়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’
বাংলাদেশকে জিততেই হবে ম্যাচটি। এদিন হারলেও জিম্বাবুয়ে ১৯৬ রান অতিক্রম করলে ফাইনাল নিশ্চিত করত। কিন্তু তার আগেই অলআউট হয়েছে তারা। জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা ব্রায়ান বেনেট বলেছেন, ‘(সমীকরণ নিয়ে) না আমার একদমই ধারণা নেই।’
বেনেট আরও জানান, ‘প্রথম ম্যাচের মতো সুইং হয়নি আজকে। উইকেট অনেক ভালো ছিল আজকে। ব্যাটাররা আজকে নিজেদের কাজটা করতে পারেনি। এজন্য আমরা আজ হেরেছি।’
খুলনা গেজেট/এনএম
