Published on
:
1 min read
সেনাকর্মী পরিচয় দিয়ে আলিপুরের কমান্ড হাসপাতালে প্রবেশ এক ব্যক্তির। সন্দেহের বশে সেই ব্যক্তিকে আটক করা হয়েছিল। ঘটনাটি ঘটে বুধবার রাতে। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ব্যক্তির নাম দিব্যেন্দু মিত্র। ঘটনার তদন্ত করছে আলিপুর থানার পুলিশ।
অভিযোগ, অভিযুক্ত দিব্যেন্দু মিত্র বৈধ কোনও লাইসেন্স ছাড়াই আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে হাসপাতাল চত্বরে অবৈধ ভাবে প্রবেশ করেন। নিজেকে ভারতীয় সেনার (৫২২ এএসসি) ব্যাটেলিয়নের কর্মী হিসেবে পরিচয় দেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
অভিযোগকারী কর্নেল জে জি শঙ্কর তামিলনাড়ুর থাঞ্জাভুরের রাজারাজন নগরের নীলগিরি এলাকার বাসিন্দা। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কী উদ্দেশ্যে সে হাসপাতালে ঢুকেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯(২) ও ৩২৯(১) ধারা এবং অস্ত্র আইনের ২৫(১বি)(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
