খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহত অন্যরা হলেন- বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক, ডেইজি আক্তার (৩৫) ও আখি আক্তার (১৭)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের শিকার হয় তানিয়া। এতে তানিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিবি হাসপাতালে নেয়া হয়। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক রেজওয়ান হোসেন তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন পথেই এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারা শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুজন পানছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। এদিকে দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
