বার্সেলোনার বিরুদ্ধে রোববারের হাইভোল্টেজ ক্লাসিকো ম্যাচের আগে বড় ধরনের ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। জ্বরে আক্রান্ত হওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পাচ্ছে না মাদ্রিদের ক্লাবটি।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ফ্লু-এর উপসর্গের কারণে স্প্যানিশ লিগের দশম রাউন্ডে বার্সেলোনার মুখোমুখি হওয়ার ঠিক আগমুহূর্তে ছিটকে গেছেন কোর্তোয়া।
বিবৃতিতে আরও বলা হয়, কোর্তোয়ার জায়গায় ক্লাসিকোর স্কোয়াডে তরুণ গোলরক্ষক ইলিয়া ভালোশিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১২টি ম্যাচে মাঠে নেমেছেন কোর্তোয়া। এ সময় তিনি মোট ১৪টি গোল হজম করেন এবং মাত্র দুটিতে ‘ক্লিন শিট’ বজায় রাখতে সক্ষম হন।
কোর্তোয়ার অনুপস্থিতিতে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে রিয়ালের মূল একাদশে ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রি লুনিনের খেলার সম্ভাবনা রয়েছে।
পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার ঝুলিতে রয়েছে ২৭ পয়েন্ট। অন্যদিকে, ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে থেকে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
