স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০৭ বোতল ভারতীয় মদ, একটি পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার ছারীগাছা এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপ জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ২১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
এছাড়া মঙ্গলবার দিবাগত রাতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি বাংলাদেশি রসুন ও পান জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩৪ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
