প্রকাশিত: ১১:১৪, ১৬ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি
গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, ফাঁড়িতে হামলা এবং মাদকসহ আটকের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)। সিসিটিভি ফুটেজে হামলার সময় তাদের উপস্থিতি শনাক্ত হওয়ার পর গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, ফাঁড়িতে হামলার মামলায় গ্রেপ্তার তিনজনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে গাজীপুর সদর থানা পুলিশ। তাদের ঢাকার আদালতে পাঠানো হবে। এর আগে মাদকসহ আটক দুই ব্যক্তিকেও হামলা ও মাদকসংক্রান্ত পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।
