চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সেলিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদারপাড়ার বাসিন্দা। তিনি মো. বাবর আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এসময় স্বর্ণ বহনের সন্দেহে সেলিমকে আটক করা হয়।
পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে তার উপস্থিতিতে সেলিমকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর প্রাথমিক ওজন প্রায় ৫০০ দশমিক ৭৬ গ্রাম। এ ছাড়া একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক সেলিমকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
