বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে জড়িয়ে পড়া অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন তথা ওয়াল্টার হোয়াইটের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মিটির মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর প্রতিনিধি শন রেইলি। তিনি বলেন, ‘অত্যন্ত গভীর বেদনার সঙ্গে আমরা আমাদের প্রিয় অভিনেতা, মানবহিতৈষী এবং মনেপ্রাণে প্রতিবন্ধী অধিকারে সোচ্চার আরজে মিটির মর্মান্তিক প্রয়াণের খবরটি জানাচ্ছি।’
গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউন্সভিল শহরে মারা যান মিটি। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কোনো কারণ জানানো হয়নি।
পর্দায় যে চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন, বাস্তবেও তার সঙ্গে মিটির জীবনের একটি মিল ছিল। মাত্র তিন বছর বয়সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। যদিও শারীরিক সীমাবদ্ধতাকে নিজের স্বপ্নপূরণের পথে বাধা হতে দেননি। অভিনয়ের পাশাপাশি বিশেষভাবে সক্ষম মানুষের অধিকারের জন্য কাজ করেছেন তিনি।
ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তরুণ এ অভিনেতা। পাশাপাশি প্রতিবন্ধী অভিনয়শিল্পীদের কাজের সুযোগ ও অধিকার নিয়েও সরব ছিলেন।
ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যারন পল অভিনীত এমিজয়ী সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ‘ফ্লিন’ চরিত্রে অভিনয়ের সময় নিজের বাস্তবজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন মিটি। আর এই স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেন তিনি।
তাঁর প্রতিনিধি শন রেইলি বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘মিটি এই চরিত্রে সত্যতা ফুটিয়ে তুলেছিলেন এবং প্রতিবন্ধী সচেতনতা এবং তাঁদের অন্তর্ভুক্তি নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন।’
রেইলি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় এবং তাঁদের ঘিরে প্রচলিত ধারণাগুলো ভেঙে বৃহত্তর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ‘দ্য মিটি ফাউন্ডেশন’ গড়ে তুলেছিলেন তিনি, যার মাধ্যমে বিভিন্ন জনহিতকর ও সামাজিক উদ্যোগে সহায়তা দেওয়া হতো।
এদিকে, ব্রাউন্সভিল পুলিশ বিভাগ বিবিসিকে জানিয়েছে, মিটির মৃত্যুর কারণ ও ধরন এখনও নির্ধারণ করা যায়নি, তদন্ত চলছে। তবে এই ঘটনায় কোনো অপরাধ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচটি সিজনে মার্কিন ক্যাবল ব্রডকাস্টিং চ্যানেল এএমসি-তে প্রচার হয়েছিল ‘ব্রেকিং ব্যাড’। ভিনস গিলিগান নির্মিত এই ড্রামা সিরিজ সেসময় ৫৮টি প্রাইমটাইম এমি মনোনয়ন অর্জন করেছিল এবং ২০১৩ ও ২০১৪ সালে সেরা ড্রামা সিরিজসহ মোট ১৬টি পুরস্কার জিতেছিল।
