মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার নেত্রকোনার মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ছাত্রদলের এক জরুরি সভায় মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। একই সঙ্গে আব্দুল বারীর সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, বিষয়টি জেলা ছাত্রদলকে জানানো হলে আজকের সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে আব্দুল বারীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনকালে আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
