মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় নিজের সন্তানের মতো আদর-যত্নে লালন-পালন করা একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক সামশুল আলম। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সামশুল আলম দীর্ঘদিন ধরে বিড়ালটিকে অত্যন্ত যত্নে লালন-পালন করে আসছিলেন। ঘটনার দিন সকালে তিনি নিজের পালিত ছাগল বাড়ির পেছনের একটি খালি জায়গায় বেঁধে দিতে গেলে বিড়ালটিও তাঁর পেছনে পেছনে যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। তখন সামশুল আলম কুকুরটিকে ধাওয়া করে সরিয়ে দেন।
অভিযোগে বলা হয়, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফরিজা বেগম লাঠি হাতে এসে বিড়ালটিকে এলোপাতাড়ি পেটান। এতে বিড়ালটি গুরুতর আহত হয়। পরে সেটিকে উদ্ধার করে চকরিয়া পশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে অভিযোগকারী জানান।
বিড়ালের মালিক সামশুল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিড়ালটি শুধু একটি প্রাণী ছিল না, এটি আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ আর কোনো অবলা প্রাণীর ওপর এমন অত্যাচার করার সাহস না পায়।”
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, বাংলাদেশের প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
