ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা। সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে শামীমা রাহিম লটাখোলা-চর জয়পাড়া সার্বজনীন মন্দির, আংগিনার বন্ধু মিলন মঠ, দক্ষিণ জয়পাড়া সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ ও রাইপাড়া পূজামণ্ডপে যান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পূজার আয়োজন, নিরাপত্তা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
শামীমা বলেন, ‘দোহার-নবাবগঞ্জে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমরা সব সময় ভাই-বোন মনে করি। আমাদের নেতা তারেক রহমানের স্লোগান- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’
এ সময় মহিলা দলের এ নেত্রী ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে দোহার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লাসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা, দোহার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
