ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার
দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই এ রোগে প্রাণ হারিয়েছেন ৮৬ জন।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের মাসভিত্তিক সর্বোচ্চ। এ সময়ে মৃত্যু হয় ১৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ১৭৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ভর্তি হয়েছেন আরও ২৩৮ জন।
অন্যদিকে, ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩২ জন। দেশের অন্যান্য অঞ্চলেও ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।
ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০, রাজশাহী ২৩০, রংপুরে ৭০ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় সর্বোচ্চ ৪ জন রয়েছেন। এরপর ঢাকা উত্তর সিটি এলাকায় ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ ও ঢাকা বিভাগে ১ জনের প্রাণ গেছে।
বুলেটিনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮০৩ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
